সকাল, রোজ একবার ক'রে,
তোমাকে পেরিয়ে চলে যায়
আর যাওয়ার সময় ছিনিয়ে নিয়ে যায়
একচিলতে যৌবন তোমার ।
তুমিও বেখেয়ালে ঠকে গিয়ে
অবশিষ্ট যৌবন-সহ
বার্ধক্যের আগলে ক্রমশঃ ধরা পড়,
প্রাত্যহিক অজান্তে, আরও একটু বেশি করে ।
সকালের এই ছলনা শেষ হবার নয়,
যতদিন মানুষ হেরে যেতে থাক সময়ের কাছে
রোজ নিয়ম ক'রে ।
খুবই সামান্য সংখ্যক মানুষ
এই অবধারিত-কে অনুভব করতে পারে ব'লে,
সক্কালে ঘুম থেকে উঠে, সবার আগে মাঠে যায়
আর দৌড়াতে শুরু করে ।
খুবই সামান্য সংখ্যক মানুষ, জীবনের দৌড়ে,
সময়কে সফল রূপে হারিয়ে
যৌবনকে দীর্ঘস্থায়ী করতে পারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন