রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সহজ কাজ

আমার দুটি চোখ, 
একই সাথে, একই সময়ে,
শুধুমাত্র একটি দিকেই দেখে 
আর অন্যের দোষ 
নজরে পড়ে যায় বেশ চট করে ।

তার মানে - নিজের দোষ দেখতে পাওয়া
অভ্যাসেই নেই আর ।

তার মানে - প্রতিনিয়ত সংশোধনের অভাবে
জীবন কেবল একতরফা অপচয়ে ক্ষয় হবে ।

তার মানে - আমাকে পিছনে ফেলে
একজীবনে অনেকে অনেক বেশি দূর
অবধারিত এগিয়ে যাবে ।

তার মানে - অপ্রিয় হব বহু মানুষের কাছে
বেকার সত্যবাদী সাজার ব্যাজার তাড়নায় ।

তার মানে - শেষ শ্বাসের ঠিক আগেও,
আর কিছু না-ও পারি যদি,
চোখে-আঙুল-দাদা'-র অকুণ্ঠিত জ্ঞান 
অবৈধ বিতরণ করতে গিয়ে,
অবশেষে চলে যাওয়ার পরে 
অসুন্দর স্মৃতির কারণে
ইতিহাসের অদূরে
ঝেঁটিয়ে বিতাড়িত হওয়ার সম্ভাবনা 
বেশ যথেষ্টই রয়ে যাবে ।

পাগল হতে বসেছি ভেবে ভেবে -
"আমার 'আমি'-র 
অতঃপর কী হবে তবে এই ভবে ?"

কোন মন্তব্য নেই: