এই যে প্রথম দেখাতেই
চোখ ফেরাতে না পারা,
এর অবশ্যই একটা কারণ আছে ।
সকলের সাথে ঘটে না এমন
যে কোনও মেঘলা সকালে ।
তার মানে - তোর আর আমার মাঝখানে
একটি অদৃশ্য পরিবাহী আছে,
যার মাধ্যমে একের বিদ্যুৎ
তড়িৎগতিতে পরিবাহিত হতে পেরে
অনায়াসে চৌম্বকত্ব সৃষ্টি করছে - অপরে ।
এই সেই কারণ
যার উপায় ছিল না বারণ মানার,
যখন কথা বলতে বলতে
আচমকা চার ঠোঁট, একটিমাত্র সুযোগে,
সুতীব্র পারষ্পরিক নিষ্পেষণে
ক্লান্ত শব্দদের নিমেষে ক্ষান্ত করেছে ।
এই সেই উচাটন,
যে ঘটনার অবধারিত ঘনঘটায়,
বাঁধ ভাঙা ঢেউয়ের স্বাধীনতায় পৌঁছে যাওয়া
আচমকা পরিযায়ী ব্যথার সুখে,
সাদা-কালো জীবনকে রাঙাবেই এবার
হৃদয়ের গাঢ় দুধে-আলতা রঙে ।
এই সেই নিবারণ, যার সুবাদে
দীর্ঘ জ্বালে আমাতে উথলে ওঠা
এযাবৎ ঘন হতে থাকা দুধে
তোর রেকাবে জমানো আলতা
প্রবল মন্থনের অবধারিতে
সম্পূর্ণ দ্রবীভূত হতে বদ্ধপরিকর হয়ে
অপেক্ষাকে অবশেষে
শেষ নোটিশটি হাতে ধরিয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন