আকাশ মেঘলা বিগত দুদিন ধরে
ঠিক গতবারের আম্ফানের মত ।
ভরা বৈশাখ, অথচ সূর্যের প্রখরতার
খবরই নেই কোথাও কোনও ।
উঁচু নারকেল গাছের
বিশাল লম্বা পাতারা
অবিশ্রান্ত দুলে চলেছে ভূতের মত,
জানান দিতে তার বিধ্বংসী আগমনের ।
শুধু কেউ বুঝছে না
অপর একটি পূর্বাভাস ।
একা আমি, স্পষ্ট দেখতে পাচ্ছি,
স্কুল থেকে পড়িয়ে ফিরে,
তাণ্ডব ডাকছে লম্বা দুহাত বাড়িয়ে,
চকচকে চোখে,
নীল পাড় সাদা শাড়ি পরা,
ওই ছিপছিপে, দীঘল শরীরটি তোমার !
ডাকছে বানের উথাল-পাথাল কে
পার ছাপিয়ে
সরাসরি ঘরের উঠোনে আছড়ে পড়তে
আর সহসা কেড়ে নিয়ে
পাল্টে ফেলতে বাধ্য আমাকে
তোমার বধ্য শিকারে...
সব প্রতিরোধ চূর্ণ করে,
শেষবারের মত জলের প্রবল টানে
ভাসিয়ে নিয়ে
আর নিজে তাল মিলিয়ে ভেসে গিয়ে,
অতঃপর ভাসানের অবধারিত মিলে
তুমি একার গরবে
বিজয়ীর শেষ হাসি হাসবে ব'লে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন