বুধবার, ১ মার্চ, ২০২৩

ভাঙতে চেও, থামতে না

বিপ্লব করবে ? অফুরন্ত সুযোগ আছে । শুধুমাত্র পরমুখাপেক্ষী স্লোগানে ভুলো না । বিপ্লব কদাপি বাইরে দীর্ঘকাল টেকে না ।

তোমার প্রবৃত্তিরা তোমারই অভ্যাস-অর্জিত সুবিধাবাদী সহচর মাত্র । যে বস্ত্র পরিধান করে রয়েছো, তাকে যেমন যে কোনও সময়ে খুলে রাখা যায়, তোমার প্রবৃত্তিরা হুবহু তেমনটাই । 

অথচ, তোমার অহমিকারা সুদীর্ঘকাল যাবৎ তোমারই অশালীন প্রশয়-পাওয়া প্রবৃত্তিদের আপন অবিচ্ছেদ্য অঙ্গ ভেবে চলেছে, বোকা পাঁঠার অধম-প্রবণ মেনে নেওয়ায় । যেদিন বুঝতে পারবে যে তারা আদপে তুমি নিজে নয়, সেদিন জানবে বর্ধিষ্ণুতার আলোকে শৃঙ্খলমুক্ত স্বাধীনতার উজ্জ্বলতর সুদিন সমাগত তোমার ।

মানুষের সীমাবদ্ধতা, তথা অক্ষমতারা লুকিয়ে থাকে তার প্রবৃত্তি-প্ররোচিত আচ্ছন্নতাদের অন্তরালে, আখেরে ক্রমাগত-সম্ভোগপ্রবণ সৃষ্টিহীনতার এক একটি চর্বি-সার কলুর বলদে ।

এই প্রবল নেশাকে কাটাতে পারে একটিই যৌথতার অবধারিত দ্বন্দ্ব । সে হলো - 

একদিকে ইচ্ছাশক্তি আরোপিত তেজোময় চেতনায়  প্রবৃত্তিদের প্রতি সৃষ্ট আপোষহীন নির্লিপ্ততা

এবং তার সাথে, অপর দিকে  

স্থিরলক্ষ্যে, প্রবল ক্রিয়াশীলতার দ্বারা অর্জিত যথার্থ আত্মনির্ভরতার অবিচলিত ইতিহাস ।

আলো কে স্থায়ীরূপে ধারণ সম্ভবপর হয় কেবলমাত্র আত্মমুখাপেক্ষিতার চাষে । শুরু করতে হ'লে, এবারে সত্যিকথাটা নিজের কাছে চুপিচুপি একবার অন্ততঃ স্বীকার করেই ফেল । দ্বিতীয় কাউকে জানাতে হবে না ।

বর্তমানে, আন্তর্জগতে, কোনটি তোমার সঠিক ঠিকানা ?
.

কোন মন্তব্য নেই: