বিউটিশিয়ানের, ছাতা, দরকারই পড়ে না তার,
জীবনকে যে দাপটে জিতে নেয় জড়তা হতে
প্রায় রোজ-রোজ ।
নির্বাক বিস্ময়ে দেখতে রয়ে যায় লোকজন
সে প্রাণখোলা হাসি ।
সামান্য কারণে
অনবরত নিটোল শিল্প হয়ে ওঠার
এক অদ্ভুত ক্ষমতা ধরে সে ।
আত্মিক দারিদ্র
দেখে দেখে পচে গেছে চোখ যাদের,
হঠাৎ একে চোখে পড়লে
তেমন যে কেউ ভেবে নেবে -
এ এক সৃষ্টিছাড়া সৌন্দর্যায়নের পশরা
অনবধানে আত্মমগ্ন যাপনে ।
অথচ, যে বোঝে, সে জানতে পারে -
অবধারিত গান হয়ে ওঠার মত
এক-একটি নিটোল রম্য রচনায়
দ্যাখ-ন-দ্যাখ
অকাতরে নিজেকে পাল্টে ফ্যালে সে
প্রবল উৎসাহে, প্রতিটি মুহূর্তে,
কোনও বিশেষ একজনকে
নিত্য-নূতন রাগে, দরাজ হৃদয়ে ভালবেসে ।
সমস্বরে, নূতন ক''রে,
গালে হাত দিয়ে ভাবতে বসে বেকুব লোকে
"গুপ্তধন কি সুপ্ত থাকে না বাইরে তাহলে ?
অবলুপ্ত হয়
কেবল আপন আন্তর অবহেলায় ?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন