রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

তারপরেও

হয়তো অপেক্ষায় থাকবে না 
কোনও রাজকীয় অভিসারের রথ !
হয়তো অপেক্ষাদের বিকেল গড়িয়ে 
সন্ধ্যে নামা
হতে হবে প্রাত্যহিক এবং অবধারিত ।

তারপরেও যদি কোনওরকমে
বেঁচে থাকে সুন্দর - ইচ্ছার নমনীয় শ্বাসে,
তাহলে, অপ্রত্যাশিত অবসর 
না চাইতেই জুটেও যায়
দূরদর্শী পরাণের কপালে একদিন ।

তেমন হলে, নিশ্চিন্তে, 
পায়ে পায়ে, নিকটে এগিয়ে এসো ।
পাশাপাশি হেঁটে যাব কিছু পথ
মৌন আস্থাটুকুকে
সন্তানের মত মাঝখানে আগলে রেখে ।

চার পা, নাহয়, সাতপাকের নিয়মে 
পথ চলতে চলতে, মাখবে একসাথে, 
অনুরাগে ভিজে ওঠা সহমর্মী ধুলো,
অস্তগামী অরুণের আবীরে
কপাল আমাদের হয়ে উঠবে 
অবশ্যম্ভাবী লালে-লাল যখন,
অযতনে ফুটে থাকা 
শত-পুষ্পের উজ্জ্বল হাসিকে
রাস্তার ধারে নির্ভীক সাক্ষী রেখে ।

কোন মন্তব্য নেই: