সোমবার, ১০ অক্টোবর, ২০২২

সিদ্ধকাম

পুড়বে ব'লে অপেক্ষায় থাকে বেচারা হৃদয় ।

পুড়তে পেলে, না বলতেই
হরপা বান ডাকে নয়ন-যুগলে।
অনুভব গভীরতায় উত্তীর্ণ হতে পারে, তাই
যতবার পোড়ে, ঠিক ততবার 
দীর্ঘকালের জমা অনুর্বরতার আস্তরণ
প্রবল উজানে ধুয়ে সাফ হয়ে যাওয়ার পরে
ভাবের ঘরে অঙ্কুরের নব উন্মেষের ভোরে
জীবন উজ্জ্বলতাকে ফের খুঁজে পায় ।
পোড়া-কপাল জনমটি সার্থক হতে পারে তখন ।

মন বিভিন্ন রুচির হতেই পারে,
পরাণের নিয়মটি সকলেরই এক ।
পুড়তে চেয়ে, সুযোগ তেমন না পেয়ে,
সেই কোন কাল থেকে,
অজান্তে, করজোরে, অধীর অপেক্ষায় রয়েছে 
অধিকাংশ মানুষের পরমহংস হৃদয় ।

কোন মন্তব্য নেই: