সত্যি প্রেমের জমাট গল্পগুলো
বেশিরভাগই মাঝপথে হারিয়ে যায়,
হঠাৎ উবে যায়
এক অথবা একাধিক
দুরন্ত দৌড়ের পরে ।
সত্যি প্রেমের গল্পগুলোকে
কেন যে অবধারিত ভূতে ধরে ?
দুজনে মিলে বরং
একটা মিথ্যা প্রেমের গল্প রচি চল !
মিথ্যা মানে - আসলে প্রেম নয়
অথচ, হুবহু সত্যি প্রেমের মত দেখতে !
প্রথম থেকেই সত্যি নয় জানলে,
কুহকিনী আশাদের এসে
বাধ্য ঠকে ফিরে যেতেই হবে ।
বাধ সাধবে না যাপনে তখন আর
সম্পর্কের বাসায় চটচটে অসক্তিরা
একবারও ভুল ক'রে ঢুকে প'ড়ে ।
না বলে পিছন থেকে এসে তুমি
সহসা জড়িয়ে ধরতে গেলে আর
সমুদ্রের ধারে সান্ধ্য আঁধার
ন্যূনতম আড়ালটুকু দিলে,
আমারও রইবে প্রভূত প্রত্যুত্তর -
শিরশিরে, ভেজা হাওয়ার উল্লাসে,
ক্রমশঃ ত্রিবেণী সঙ্গমের কাশে
অভিসারী আঙুলের রাসে
নিভৃত মঞ্জরীর পাতায় পাতায়
অজস্র বিলি কেটে দিতে দিতে ।
নিছক মিথ্যা প্রেমে বোনা
একটা অনাহত গল্প
লিখতে পারিই আমরা একবার,
যার মেয়াদ ফুরানোর তাড়া
অবধারিত রইবে না আর
প্রচলিত বিষাদের কাব্যিক হাঁস-ফাঁসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন