"গড় মান" - বলে একটি প্রথম বন্ধনী চিরকাল রয়ে যাবে পৃথিবীতে ৷ এই মানে বাঁধা পড়ে থাকবে সেই পরমুখাপেক্ষী মানুষেরা, যারা নিজেদের দিকে সৃজনশীল দৃষ্টিতে তাকাতে জানে না ৷ যারা অলীক ভবিতব্যের দিকে তাকিয়ে থেকে, কলুর বলদের চেতনায়, জীবনভর দীর্ঘশ্বাস ফেলে চলে ৷ একটি মানবজীবনের অন্তরে কী বিশাল সম্ভাবনা রইতে পারে - তাকে বাস্তবে প্রতিনিয়ত আবিষ্কারে ও সদব্যবহারে সমূহ অক্ষম এরা ৷
চেতনার তারতম্যে এর বাইরে যারা, একমাত্র তারাই খুঁজে পাবে - দৈনন্দিন জীবনের ঘন্টায় ঘন্টায়, কেবল অগ্রাধিকারের ভিত্তিতে, কিরূপে সঠিক কর্মটি নির্বাচন মানুষের প্রাথমিক দায়িত্ব হতে পারে ৷
কর্ম নির্বাচন একবার হয়ে গেলে, তাকে সার্থক রূপে কার্যকর করারও শতাধিক পদ্ধতি রইতে পারে ৷ এক্ষেত্রে শ্রেষ্ঠতম পদ্ধতিটি অবলম্বন করা চেতন মানুষের দ্বিতীয় দায় ৷
তৃতীয় দায়টি হলো - জীবনের ন্যূনতম সময় খরচ করে শ্রেষ্ঠতম কর্তব্যটি, নিয়মিত রূপে, এমন ভাবে সম্পাদন করা, যাতে সে আপন উৎকর্ষকে ভরপুর উপভোগ করতে পারে ৷
অতঃপর চতুর্থ দায়টি অবধারিত ভাবেই হতে চায় - অগ্রাধিকারের ভিত্তিতে, পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মে, পূর্ব প্রকারে, সচেতন মনোনিবেশ-সক্ষমতা অর্জন করতে পারা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন