শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

হৈমন্তিকা

বড় তাড়াতাড়ি ফুরিয়ে আসে হেমন্তের বিকেল ! লাঞ্চ করতে দেরী হয়েছিল ৷ তারপরে একটু চোখ লেগে আসতেই বেলা শেষ ৷ আচমকা দেখি ঘরে নেই আর কেউ ৷ খুঁজতে খুঁজতে, বাগানে নামতেই ভিজিয়ে দিল অসময়ের হালকা ঝিরঝিরে বৃষ্টি ৷ "তুমি কই ? তুমি কই ?" - দৃষ্টি উতলা হয়ে কয়েক পা এগোতেই দূর থেকে চিকচিক করে উঠলো তোমার হাতে বড়পিসির দেওয়া ফঙ্গবেনে আংটি-টা ৷ একটু কাছে যেতেই দেখি শিমুল-তলে চুপ করে দাঁড়িয়ে তুমি, স্থির দৃষ্টি পাশের বড় ফুলের টবে, শামুক-দ্বয়ের জোড়-লাগা সাময়িক অনন্তের পানে !

বুঝলাম, সপ-সপে হয়ে ভিজে চলেছ নরম জলের অনুযোগে ৷ 

অতঃপর আর দেরী করার নির্বুদ্ধিতা সহ্য হতে নেই ৷ পিছন থেকে নিঃশব্দে গিয়ে, পাঁজকোলা করে তুলে নিয়ে সোজা উইপিং ক্যালিপ্টাসের ঘন আড়ালে গিয়ে তোমাকে ফের দাঁড় করিয়ে দেওয়া 

আর তারপরে, আপোষে, অ্যাক্রোব্যাটিক্সের ছান্দিক দ্বন্দ্বের সুঠাম তালে, শামুক-সুলভ মসৃনতায় সুনিবিড় অবগাহন শুধু বাকি ৷

কোন মন্তব্য নেই: