মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অভিসনদ

সদরের সিংহদুয়ারটি পেরিয়ে

পায়ে পায়ে ঢুকে এলে ভিতর-ঘরে,

সে অভিযানে না আছে প্রতিহারীর বাধা 

না আছে তারপরে দেওয়াল কোনও !


আছে ফুলের বাগানের পাশে 

সমানতালে বনজ সুঘ্রাণ !


আছে বিশাল পিপুলের তলে 

নদীর বিরামহীন হাওয়া

যেখানে ক্লান্ত পান্থ

তৃপ্তির দীর্ঘ "আহ্ কে দীর্ঘায়িত করতেই পারে ৷


আছে পাতা-ঝরা অপেক্ষায় স্খলিত বিতান

পরতে পরতে উন্মোচিত হতে

পরাণের নিভৃতি-অবগাহন 

স্বেচ্ছায় সুলগন এগিয়ে দিলে ৷


আছে সুদূরের-সৌরভ আলোকিত দিশা

উন্মোচন, জলের অতলে, 

কাম্য স্বচ্ছতাটি খুঁজে পেলে ৷


আচ্ছা বলতে পারো

অনাবিল স্বেচ্ছা কেন এ হেন অনুদার তোমার ?

আতিথি-সৎকার ও উন্মুখ প্রতি-প্রবেশ 

দাবী করে অভিন্ন রূপকথা ?


ফটকের বাইরে একটানা দাঁড়িয়ে থেকে, 

অচেনা স্বৈরিণীর সুরে

শরীরের একঘেয়ে নাম ধরে হেঁকে হেঁকে,

সাড়া না পেয়ে

রাত্রি-শেষের ওকাম্পোর মত 

ঘাম মুছতে মুছতে, হেঁটমুণ্ড অশ্রুভারে

অবশেষে নিশ্চুপ হয়ে গেলে !

কোন মন্তব্য নেই: