রবিবার, ১৭ মে, ২০২০

হাসি

"আজকের আকুল গলাগলি
কাল তুমুল গালাগালিতে পাল্টে যায়,
আপন ক্ষুদ্র স্বার্থটি 
না চরিতার্থ হতে পেলে !" -
এই একঘেয়ে সংজ্ঞা দেখতে দেখতে
মানুষ সম্পর্কে আগ্রহ
বর্ষার হাওয়া-পাওয়া মুড়ির মত 
মিইয়ে বসে আছে !

"কেউ অসুন্দরকে ছুঁড়ে দিলেই
আমাকেও ওমনি লুফে নিতে হবে না !
বরং সে গতিপথ হতে
প্রত্যুৎপন্ন নিজেকে সরিয়ে নিয়ে,
আমার অনন্ত জাগৃতি 
ঘুমিয়ে পড়বে বরং
তৎক্ষণাৎ সে মনুষ্যেতর স্তরের প্রতি
ব্যতিক্রমী নির্লিপ্তিতে ! 

আমার মনের খুশি, মুখের হাসি,
যার প্রতি কেবল সুন্দরের ন্যূনতম উচ্চতার অধিকার,
তাকে একবারের জন্য হলেও 
নিম্নাকাঙ্খী কটুকে স্পর্শ করতে দেব না !"
 - আত্মবিশ্বাসে এই নিভৃত সংবদ্ধতা, 
 - রুচির এমন দৃঢ়চেতা প্রতিফলন,
একজন অন্ততঃ মানুষের যাপনে
খুঁজে যাওয়া - বহুকাল ধরে !

মেঘ না চাইতেই জল
লজ্জায় লাল হওয়া লুকাতে
বুঝতে না দিয়ে, মুহূর্তে কথা পাল্টে নিলে,
দু-অক্ষরের ডাকনামে 
বুক-ভরা আদর উপচে পড়তে চায় !

ওই যে সুনীল কবেই বলেছিলেন -
"সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে ৷
মানুষ দেখে না ৷"

ভাগ্যিস, কোন আঁতেল, 
কোন এক বিকাল-বৈকল্যে, 
আপন উঁচু নাকটি নাড়াতে নাড়াতে
মন্তব্য করেছিলেন -
"নাঃ, তেমন রাবীন্দ্রিক নয় !"
আহা, শাপে তো বরও হয় !
.

.

কোন মন্তব্য নেই: