শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

স্বচ্ছতা

ভালবাসার কারকতা 
আপন পরাণ-প্রান্তরে
আশীর্বাদী পিচ্ছিলতার
আকাঙ্খিত উৎসারণ হয়ে গেলে
শিকলখানি খসে পড়ে স্থবিরতার !
ডাহুক ডাকের ডানা 
খুঁজে পায় অতঃপর
স্বপনের সার্থকে - 
সত্যের নবীন বিস্তার ৷

তারপরও একথা মিথ্যা নয় -
ভালবাসতে পারা প্রতিবার
একান্ত ব্যক্তিগত অর্জন তোমার, -
আত্মিক বিকাশের নবনীত উপার্জনে !
পরের করুণায় আদপে নয়,
নিজেরই নিকট হতে
আকুল চেয়ে, তবেই পাওয়া
উড়ানের যে অবাধ অধিকার,
তোমাকেই বা, কোন যুক্তিতে,
অপরকে কর দিতে হবে তার ?

স্বার্থের সংকীর্ণ পার্থিবে -
প্রেম, ভুলে যায় বারবার
উপহারের সে স্বতঃস্ফূর্ততার প্রতিদানে
প্রদেয় শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতার 
অপরিশোধ্য ধার !

শোষণমুখী অপনোদন-স্পৃহা
চকচক করে ওঠা চোখে,
সুযোগ পেলেই,
উদারতার মহত্বকে প্রতিস্থাপিত করে -
দেনা-পাওনার গাওনায় !
বন্ধুর বিশ্বস্ততা পেরিয়ে
প্রভূত্বের দাবি
কূপমণ্ডূক-স্বার্থের অবলীলায়
বন্ধুর করে ফেলতে পারে
সবুজের স্বাধীন প্রসার !

'নির্লিপ্তির সুহৃদ-সন্নিধানে
রুচির অযাচক উর্ধ্বতরতায়' -
তারপরেও রইতে পারে
ভালবাসার দুর্জেয় অধিকার !
.

কোন মন্তব্য নেই: