মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

অনুনয়

এমন করে ভালবেসো না
যা তোমার হয়ে ওঠাতে
আরও একবার ছেদ ঘটাতে পারে !

খোলসের মধ্যে কাটতে থাকা জীবন
ছিটকে বেরিয়ে আসা কে
সাহসে খুজে পেয়ে, চিনে নিয়ে,
গতিতে ছন্দ মিলালে
তারপরও
আবারো ভোকাট্টা হারিয়ে যেতে পারে !

যে ভালবাসা তোমার বড্ডই নিজের
আপন গভীর উৎস হতে
উৎসারণের স্বতঃস্ফূর্তে
তোমাকে আমূল পাল্টে দিতে চায়
অসীমের সম্ভাবনায়,
খুব ছোট ঘড়ায় নাইবা ভরতে গেলে তাকে !
মেঘ হয়ে বারবার ভিজাতে আসবে সে
আসক্তিকে ফের ঢেকে নিতে না দিলে ।

শাম্ভবীতে নিবিষ্ট অমৃতমন্থন
প্রতিটি মানুষে ইচ্ছাটুকু মাত্র দাবী করে ।
সে সাগরে বার বার ফিরে এসো ।
বাকি জীবন
নিজেতে অফুরাণ বিশ্বাসে নাইতে চেও !
.

.
.

কোন মন্তব্য নেই: