বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯

লীলা

ও শেষ, জেনো, সবাই ছুঁতে পারে !
পেরেছে তোমার অনন্ত পূর্ব-পুরুষ - সমানে !
তুমি আর নূতন এমন কি ছড়াবে
লাস্য-খচিত হাস্যের অদূরে
একঘেয়ে পরিণতির প্রত্যুত্তরে ?

 

বরং ভাবো, কতরকম
নূতন নূতন খেলা আবিষ্কার করা
ইতিমধ্যে - এই প্রথমবার,
যা - এ বিশাল ধরায়
প্রথার বাইরে উত্তালে,
উৎসারণের সন্তর্পণে,
কেবল মাত্র
যুগল দক্ষতাতেই ছুঁতে পারা,

 

- যে খেলাদের খেলতে গেলে
দৃষ্টি ততটা উজ্জ্বলতা পায়
আগ্রহ তেমন উচ্চতা ছোঁয়
যেমনটি
আর কোন কিছুতে নয় - এ জনমে !

 

কতগুলো ? বল, কতগুলো খেলা
আবিষ্কার করা - ঠিক মাঝ বরাবর
খেলতে শিখে - মাত্র দুজনে,
হৃদয়বাসরের অবিরত একান্তে
অসম্ভবের বিরুদ্ধে - প্রতিবার
সুযোগটি তৈরী করে নেওয়ার
উর্ব্বর রোমাঞ্চে - ওৎ পেতে,
সময়কে - নিয়মের বন্ধন হতে
অবলিলায় চোখ মেরে চুরি করে ?
.


.

কোন মন্তব্য নেই: