রবিবার, ১৭ জুলাই, ২০১৬

বর্ম ____অরূপ সরকার 17.07.16

.
পরমুখাপেক্ষী
কোনও ক্রমে, কোন কালে নয়,
.
ধর্ম, - একমাত্র
সেই আত্ম-মুখাপেক্ষী একাগ্রতা,
- যা বিবেক, আপন স্বতঃস্ফূর্ততায়,
নিজের সততার প্রতি
অকপট বিশ্বাসে,
অন্তরের সুনিবিড় একান্তে
পরম নিশ্চিন্তে ধারণ করে,
আপন প্রাণেরই
স্বাধীন নির্দেশে প্রাপ্ত
সত্যের নিষ্কম্প উজ্জ্বলালোকে,
এবং
- অপরের কাছে
কোনও রকম কৈফিয়তের
প্ররোচিত দায় বিনা !
.
বাইরের উপচারে,
আয়োজনের বর্ধিত পরিধির
প্রতিযোগিতায় নয়,
অন্তরের
একাকী নীরব সাধনায়
সে ধর্মের গুণ
মানবজীবনে নির্নিমেষে
আপন
আত্মিক শক্তির ক্রমবর্ধমানে
অক্ষমতার আশ্চর্য ক্ষয়ে,
কেবল আপন ইচ্ছার সহযোগে,
একবার নয়, বার বার
উপলব্ধ
ও প্রত্যক্ষ হতে পারে !
.
ধর্মের ব্যবসায়ীরা কেবল
আপন ক্রুর ও হীন স্বার্থে
বিভেদ-নীতির মাইক হাতে
ধর্মকে
বাজারে, যার পর নাই, নামতে
বিশেষ ব্যস্ত হয়,
- আতঙ্কের নব নব বিনিময়ে,
মানুষের
আপন আপন বিবেকের সুবাতাসকে
ক্রীতদাস-সম বন্দী করার লোলুপে !
.
রাস্তার কুকুর দাঁত খিঁচিয়ে
রাস্তায় তারস্বরে চেঁচায় !
মানুষ কি তাদের কাছে
বিনামূল্যে দন্ত পরীক্ষা করে ?
.
সচেতন মনের স্থির লক্ষ্যে,
আপন শান্তি
স্থূলের কারণে ত্যাগ না করে,
নিজের গায়ে
কোনও পরমুখাপেক্ষী
ধর্মীয় তকমা চাপানো
সযত্নে পরিহার ক'রে,
.
নিঃশব্দ উপেক্ষায়,
আপন সাবলীল আত্ম-শ্রদ্ধাবোধের
অবিচল পথে,
ক্রমশ দূর থেকে অধিকতর দূরে
অগ্রসর হয়ে,
এক জীবনে অনেকটা পথ,
উন্নততর হওয়ার
মানবিক অধিকারে, স্বীকারে,
নির্লিপ্তির সার্থক পাঠ নিয়ে
মানুষই
মসৃণ পার করতে পারে !
.
রাস্তার কুকুর পাগল হলে,
অকারণে কামড়াতে আসলে,
জলাতঙ্ক ছড়ালে,
তাকে অবশ্য, দূর থেকে,
গুলি করে মারার
শীতল প্রয়োজনও
মানুষের মাঝে মধ্যে পড়ে !

~~~~~~~~~~~~~~~

.

কোন মন্তব্য নেই: